কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের মাঝে বৈধভাবে মোবাইল যোগাযোগ নিশ্চিত করতে এফসিএন (ফ্যামিলি কাউন্টিং নাম্বার) কার্ডধারীদের সিম বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) সকালে উখিয়ার ক্যাম্প- ১৮ এর দরবার হলে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম উদ্বোধন করেন শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মিজানুর রহমান।

উদ্বোধনী দিনে নির্বাচিত রোহিঙ্গা কমিটির সদস্য ও বিশ্ব খাদ্য কর্মসূচির স্বেচ্ছাসেবকদের মধ্যে প্রথম পর্যায়ে ১০০টি সিম বিতরণ করা হয়। ধাপে ধাপে মোট ১০ হাজার সিম বিতরণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন কমিশনার মিজানুর রহমান বলেন, এফসিএন কার্ডের তথ্যের ভিত্তিতে সিম নিবন্ধন দেওয়ার মাধ্যমে রোহিঙ্গাদের বৈধ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এতে একদিকে মানবিক যোগাযোগ সহজ হবে, অন্যদিকে প্রযুক্তির সহায়তায় অপরাধীচক্রের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

তিনি আরও বলেন, এ উদ্যোগের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে যোগাযোগ ব্যবস্থা নিয়মিত তদারকির আওতায় আসবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

প্রসঙ্গত, ক্যাম্পে দীর্ঘদিন ধরে অবৈধ সিম ব্যবহার, অপরাধীচক্রের নেটওয়ার্ক এবং নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগের পর আইনশৃঙ্খলা ও নজরদারি জোরদার করে সরকার। নতুন উদ্যোগটি সেই ব্যবস্থার অংশ হিসেবে দেখা হচ্ছে।

উক্ত অনুষ্ঠানে শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন অতিরিক্ত কমিশনার আবু সালেহ ওবায়দুল্লাহ, ক্যাম্প সিআইসিগণ এবং মোবাইল অপারেটর  রবির জিএম আলমগীর কবির উপস্থিত ছিলেন।