কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে একটি ট্রলারসহ ছয় রোহিঙ্গা জেলেকে অপহরণ করেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শাহপরীর দ্বীপের গোলারচর-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
অপহৃতরা হলেন- মো. আয়াছ, মো. ইয়াছিন, জিয়াউর রহমান, আতাউর হোসেন, কেফায়েত উল্লাহ ও রশিদ উল্লাহ। তারা সবাই টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
টেকনাফ পৌরসভার কায়ুকখালিয়া ঘাটের ট্রলার মালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ জানান, আবদুল মতলবের মালিকানাধীন একটি ট্রলারে মাছ ধরতে নাফ নদে যান ওই ছয় রোহিঙ্গা জেলে। ফেরার পথে ট্রলারের ইঞ্জিন বিকল হলে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ তাদের ধরে নিয়ে যায়।
টেকনাফের ইউএনও শেখ এহসান উদ্দিন বলেন, ছয় রোহিঙ্গা জেলে অপহরণের তথ্য পাওয়া গেছে। তারা কীভাবে ক্যাম্প ছাড়লেন- তা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয়দের বরাতে জানা গেছে, ক্যাম্পের অনেক রোহিঙ্গা গোপনে নদীতে মাছ ধরা ও শ্রমিক হিসেবে কাজ করেন।


