বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন মজলুম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা ও হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন। শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় উজানি পাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরীর উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৌদ্ধ সম্প্রদায়ের অনেক ভক্ত, নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা সমবেত হয়ে হাজারো মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় প্রার্থনায় অংশ নেন। প্রার্থনার নেতৃত্ব দেন রাজগুরু বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ ভদন্ত উ. সুবর্ণ লাংকারা মহাথের; তিনি দেশনেত্রীর রোগমুক্তি কামনায় বিশেষ শীল ও ধর্মদেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রু জেরী, তার সহধর্মিনী মমচিং, জেলা আহ্বায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মংশৈহ্লা চৌধুরী, সাবেক জেলা পরিষদ সদস্য চিংসা প্রু কেচি মারমা, সাবেক জেলা মহিলা দলের সভানেত্রী পাইলুং চিং মারমা, থানচি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ক্যাশা উ মারমা, রেমাক্রী ইউনিয়নের সাবেক সভাপতি মং এ নু মারমা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

প্রার্থনা শেষে জেলা বিএনপির আহ্বায়ক ও ৩০০ নম্বর আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু জেরী বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি দেশবাসীর ঐক্যের প্রতীক-একজন দূরদর্শী, অভিজ্ঞ ও দেশপ্রেমিক নেতা হিসেবে জনগণ সবসময় তাঁর প্রতি আস্থাশীল।

তিনি খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান এবং জাতীয় সংকটের সময়ে নেত্রীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।