জুলাই অভ্যুত্থানের সম্মুখ সারির সাহসী যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ সারাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে।
বৃহস্পতিবার রাতে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এই রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এছাড়া, শহীদ হাদির রুহের মাগফিরাত কামনায় আজ শুক্রবার জুমার নামাজ শেষে দেশের সকল মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও তার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নেওয়া শহীদ হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় অবস্থানকালে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে সেদিনই তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সযোগে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে দেশজুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। শহীদ শরিফ ওসমান হাদি দেশবাসীর কাছে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রামের এক অবিস্মরণীয় সাহসী যোদ্ধা হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।