বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির সম্প্রচার এক সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি শশাঙ্ক শেখর সরকারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সময় মিডিয়া লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে শম্পা রহমান রিটটি করেন।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, ১০ আগস্ট সময় মিডিয়া লিমিটেডের পরিচালনা পর্ষদের সভায় ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর পদ থেকে আহমেদ জোবায়েরকে অব্যাহতি দেওয়া হয়। সভায় পরিচালক শম্পা রহমানকে ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত হয়।
সময় মিডিয়া লিমিটেডের নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক শম্পা রহমান বাহ্যিক প্রভাব বা জবরদস্তি ছাড়া টিভি চ্যানেলটি পরিচালনা করতে পারে কিনা তা নিশ্চিত করতে এ রিট দায়ের করেন।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, সঙ্গে ছিলেন আইনজীবী ফারজানা খান ও মজিবুল হক ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফয়েজ আহম্মেদ।
চ্যানেলটির সম্পাদকীয় স্বাধীনতা রক্ষায় রিটটি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়। ওই রুল জারির পর আদালত সময় টিভির সম্প্রচার সাত দিনের জন্য বন্ধের নির্দেশ দেন।
কোনো ধরনের হুমকি ও জরবদস্তি আরোপ ছাড়া রিট আবেদনকারীকে (শম্পা রহমান) সময় টিভির মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সংবাদ পরিবেশন ও সম্প্রচারের অনুমতি দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। তথ্য ও সম্প্রচারসচিব, বিটিআরসির চেয়ারম্যান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পক্ষে চেয়ারম্যান এবং আহমেদ জোবায়েরকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
-পার্বত্য সময়

