অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, এ দেশের  সমতল-পাহাড়ের মানুষ একসঙ্গে থাকছি, আর আজীবন একসঙ্গে বসবাস করবো।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ হলের শারদীয় দুর্গাপূজার পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।  

এসময় জগন্নাথ হলের স্মৃতিচারণ করে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনাকালে এই জগন্নাথ হলে আমি পাঁচ বছরের বেশি সময় ছিলাম। জগন্নাথ হল আমার প্রাণের জায়গা। এই জায়গাটায় থাকতে পারার কারণেই আমি মনে করি, আজ আমার এ পর্যন্ত আসাটা সম্ভব হয়েছে।

তিনি বলেন, এই দেশ এমন একটি দেশ, এখানে সাম্য, মৈত্রী, সৌহার্দ্র্য, বন্ধুত্ব এর সবকিছুই আছে। শুধু প্রয়োজন আমাদের তা লালন করা ও মেনে চলা। আমাদের সবার উচিত সৌহার্দ্র্য ও সম্প্রীতির বন্ধনে একসঙ্গে মিলেমিশে থাকা। পাহাড় তো আমাদের সবার। এর রক্ষণাবেক্ষণ ও লালনসহ প্রত্যেকে আমরা প্রত্যেকের অধিকার রক্ষা করব।

এ সময় বিএনপি নেতা রুহুল কবির রিজভীসহ দলীয় অন্যান্য নেতাকর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন। 

এর আগে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সিদ্ধেশ্বরী কালী মন্দির ও রমনা কালী মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
 

  • -পার্বত্য সময়