কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠী ও নোয়াখালীর হাতিয়ায় জেলেদের জীবনযাত্রার উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন ইউএনডিপির শুভেচ্ছা দূত ও সুইডেনের রাজকুমারী ক্রাউন প্রিন্সেস ভিক্টোরিয়া। বুধবার (২০ মার্চ) সকাল ১০টার দিকে প্রথমে হেলিকপ্টারযোগে ভাসানচর এবং পরে দুপুরে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।
উখিয়া ক্যাম্পে পৌছে প্রথমে তিনি ক্যাম্প ৪ এক্সটেনশনের ইউএনএইচসিআরের নিবন্ধন ও খাদ্য বিতরণের ই-ভাউচার সেন্টারে যান । সেখানকার কার্যক্রম পরিদর্শন শেষে ক্যাম্প-৪ এ ইউএন ওমেন এবং ইউএনএফপিএ পরিচালিত মাল্টিপারপাস ওমেন্স সেন্টার পরিদর্শনকালে রোহিঙ্গা নারীদের সঙ্গে কথা বলেন রাজকুমারী ভিক্টোরিয়া।
এর আগে হেলিকপ্টারে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. মিজানুর রহমান, এপিবিএন (এফডিএমএন) ডিআইজি মো. আব্দুল্লাহীল বাকী, জেলা প্রশাসক মুহাম্মদ শাহীন, পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম তাকে স্বাগত জানান।
দুপুরে ক্যাম্প-৫ এর ইউএনএইচসিআর পরিচালিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, একটি বেকারি শপ ও পাটজাত পণ্যের প্রক্রিয়াজাতকরণ কার্যক্রম পর্যবেক্ষণ এবং সেখানে কর্মরত নারীদের সঙ্গে মতবিনিময় করেন ভিক্টোরিয়া।
পরে ক্যাম্প-১০ এর ইউএনডিপি পরিচালিত ডিজাস্টার রিস্ক রিডাকশন ন্যাচার বেইজড সলিউশন সাইট স্লোপ স্টাবিলাইজেশন ফর ল্যান্ডসাইড রিস্ক মিটিগেইশন, ক্যাম্প-১৮ এর আইওএম পরিচালিত রোহিঙ্গা কালচারাল মেমোরি সেন্টার পরিদর্শন করেন।
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে বিকালে কক্সবাজার সদর উপজেলার খুরুশকুলে নির্মিত দেশের সর্ববৃহৎ আশ্রয়ণ প্রকল্প এলাকা পরিদর্শন করেন সুইডেন রাজকুমারী ভিক্টোরিয়া।
-পার্বত্য সময়

