মালদ্বীপে মধুচন্দ্রিমা শেষ করে দেশে ফিরেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে গিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন কিছু ছবিও।
গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রোহিঙ্গা ক্যাম্পে ছিলেন গায়ক-অভিনেতা তাহসান। শুক্রবার সকালে সামাজিক মাধ্যমে সেখানকার কিছু ছবি পোস্ট করেন তিনি।
ছবি পোস্ট করে তাহসান লেখেন, ‘গতকাল আমি কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছি, যেখানে কয়েক সপ্তাহ আগে ভয়াবহ অগ্নিকাণ্ডে শত শত আশ্রয়শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। মর্মান্তিক সেই দুর্ঘটনার পর ঘটনাস্থলে ঘুরে দেখার অভিজ্ঞতা বর্ণনাতীত।’
তিনি আরও লেখেন, ‘জীবন বাঁচানোর কাজে নিয়োজিত অগ্নিনির্বাপণকর্মী ও স্বেচ্ছাসেবকদের কাছ থেকে উদ্ধারকাজের গল্প শুনে ভীষণ রকম অনুপ্রাণিত হয়েছি। মাত্র কয়েক সপ্তাহের ব্যবধানে মানুষজন ধ্বংসস্তূপ থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে, নতুন করে তাদের জীবনের পথচলা শুরু করেছে, এতে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে বিভিন্ন মানবিক সংস্থা। শরণার্থীরা বারবার ভয়াবহ কষ্টের সম্মুখীন হচ্ছে, তাদের ধৈর্য ও সহনশীলতা ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে আমাকে সব সময় অনুপ্রাণিত করে।’
উল্লেখ্য, গান ও অভিনয়ের পাশাপাশি জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছাদূত হয়ে কাজ করছেন তাহসান খান। বাংলাদেশ থেকে সংস্থাটির প্রথম শুভেচ্ছাদূত হন এই তারকা। বিশ্বজুড়ে ইউএনএইচসিআরের ৩২ জন শুভেচ্ছাদূত আছেন। যারা তাদের জনপ্রিয়তা, নিষ্ঠা ও কাজের মাধ্যমে সারা বিশ্বের শরণার্থীদের পরিস্থিতি ও ইউএনএইচসিআরের কাজ সবার সামনে তুলে ধরেন।
এদিকে জনপ্রিয় তাহসান বিয়ের পর নতুন করে আলোচনায় আসেন। ভক্তরা শুভেচ্ছায় ভাসিয়েছেন।
-পার্বত্য সময়


