বাংলাদেশের জনপ্রিয় গায়ক, অভিনেতা ও উপস্থাপক তাহসান খান বলেছেন, রোহিঙ্গা শরণার্থীদের বাস্তব জীবনসংগ্রাম ও দুর্দশার গল্প সবার সামনে তুলে ধরতে চান তিনি।
তিনি বলেন, মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়ার পর নয় বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গাদের জন্য এখনো টেকসই সমাধান আসেনি। এ অবস্থায় তাদের প্রতি সহানুভূতিশীল থাকা জরুরি।
তাহসান জানান, তিনি এমন অনেক পরিবারের সঙ্গে কথা বলেছেন যারা অকল্পনীয় ক্ষতি ও কষ্টের মধ্য দিয়ে গেছে। তাদের ঘুরে দাঁড়ানোর শক্তি তাকে অনুপ্রাণিত করে এবং সেই গল্পগুলো তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান।
বুধবার (২২ এপ্রিল) জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এক বার্তায় জানায়, তাহসান খান আনুষ্ঠানিকভাবে সংস্থাটির শুভেচ্ছাদূত হিসেবে তার দায়িত্ব নবায়ন করেছেন।
২০২১ সালে প্রথমবার ইউএনএইচসিআরের শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ পাওয়ার পর থেকে তিনি শরণার্থীদের অধিকার, দুর্দশা ও সহনশীলতার বিষয়গুলো নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করে যাচ্ছেন। কক্সবাজারের শরণার্থী ক্যাম্প পরিদর্শন, শরণার্থীদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং বিভিন্ন আন্তর্জাতিক সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে তিনি এই কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
বাংলাদেশে ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন বলেন, তাহসান দীর্ঘদিন ধরে শরণার্থীদের পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে কাজ করছেন এবং তার সম্পৃক্ততা মানবিক সহানুভূতির গুরুত্বপূর্ণ প্রতিফলন।

