বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এই বাড়তি ভাতা দুই ধাপে প্রদান করা হবে।
মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনের সাড়ে ৭ শতাংশ হারে বাড়ি ভাড়া ভাতা পাবেন, আর অবশিষ্ট সাড়ে ৭ শতাংশ আগামী অর্থবছর থেকে কার্যকর হবে। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
গত ১০ দিন ধরে রাজধানীর শহীদ মিনারে টানা আমরণ অনশনে ছিলেন শিক্ষক-কর্মচারীরা। তারা ২০ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধি ও অন্যান্য সুবিধাসহ তিন দফা দাবিতে আন্দোলন করছিলেন।
তাদের আন্দোলনে বিএনপি, জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সংহতি প্রকাশ করেন। আন্দোলনস্থলে এসে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী বলেন, “সরকারের ঘোষিত ৫ শতাংশ বৃদ্ধি পর্যাপ্ত নয়। শিক্ষক-কর্মচারীদের জন্য বিশেষ আর্থিক বিবেচনা প্রয়োজন। বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষা খাতকে জাতীয়করণ করা হবে।”
সরকারের নতুন সিদ্ধান্তে শিক্ষক-কর্মচারীরা তাদের দীর্ঘদিনের দাবিতে আংশিক সাফল্য পেয়েছেন।


