কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের সময় দুই বাংলাদেশি কিশোরকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় পাচারচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান।
আটক ব্যক্তির নাম রাসেদ (১৮)। তিনি উখিয়ার কুতুপালং ১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৩ ব্লকের বাসিন্দা ছৈয়দ আলমের ছেলে।
উদ্ধার হওয়া কিশোররা হলেন- কক্সবাজার শহরের লালদীঘিপাড় এলাকার আইয়ুব খানের ছেলে মাহিম (১৫) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে সোহেল (১৬)।
লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, সম্প্রতি টেকনাফ সীমান্তে সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র সক্রিয় হয়ে উঠেছে। সোমবার সন্ধ্যায় নাফ নদী সীমান্ত দিয়ে পাচারের তথ্য পাওয়ার পর বিজিবি সদস্যরা কয়েকটি দলে ভাগ হয়ে অভিযান চালায়।
তিনি বলেন, “বিজিবির উপস্থিতি টের পেয়ে কয়েকজন সন্দেহজনক ব্যক্তি পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে একজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বাংলাদেশি দুই কিশোরকে উদ্ধার করা হয়েছে।”
আটক রাসেদ সংঘবদ্ধ মানবপাচার চক্রের সক্রিয় সদস্য উল্লেখ করে তিনি আরও জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার হওয়া কিশোরদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

-পার্বত্য সময়