সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন। শপথ গ্রহণের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে ২৩ ডিসেম্বর আইন সচিব লিয়াকত আলী মোল্লা স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
সংবিধান অনুযায়ী, ৬৭ বছর বয়স পূর্ণ হওয়ায় বর্তমান প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন।
নতুন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে বিচারিক আদালতে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন। পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট তিনি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হন।
শিক্ষাজীবনে জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।


