নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে গিয়ে কোনো কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি পাননি ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল।

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ১০ মিনিটে তিনি সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে প্রবেশ করেন। কিন্তু নির্ধারিত কর্মঘণ্টা শুরু হওয়ার পরও সেখানে কাউকে দায়িত্ব পালন করতে দেখা যায়নি।

প্রতিমন্ত্রী প্রায় আধাঘণ্টা অফিসের বারান্দায় বসে অপেক্ষা করেন। এরপরও কোনো কর্মকর্তা না আসায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এ সময় তিনি বলেন, এ ধরনের দায়িত্বহীনতা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত এবং যাঁরা দায়িত্ব পালনে অবহেলা করবেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের সেবায় কাজ করে। সরকারি দপ্তরে কোনো অনিয়ম বা অবহেলা বরদাশত করা হবে না এবং শৃঙ্খলা নিশ্চিত করতে প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে।