ঢাকায় গুলিবিদ্ধ ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে দেখতে তার পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করার সময় ফাঁকা বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ঝালকাঠির নলছিটি শহরের খাসমহল এলাকার হাদির গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রতিবেশীদের সূত্রে জানা যায়, গতকাল রাতে চুরির ঘটনা ঘটে। হাদির প্রতিবেশী গোলাম কিবরিয়া জানান, ভোররাতে তিনি নামাজের জন্য বের হলে হাদির বাড়ির পেছনে সন্দেহজনক দুজনকে দেখতে পান। তাদের দাঁড়াতে বললে তারা দৌড়ে পালিয়ে যায়।
আজ সকালে বাসা দেখাশোনার দায়িত্বে থাকা আরেক প্রতিবেশী জান্নাতি আক্তার বাড়ির সামনে একটি গামছায় মোড়ানো টাকা পরিত্যক্ত অবস্থায় দেখতে পান। তিনি ওসমান হাদির বড় বোন ফাতেমা বেগমকে খবর দেন। ফাতেমা বেগম এসে বাসায় প্রবেশ করে দেখেন, ঘরের আলমারি ভাঙা। তিনি জানান, আলমারিতে রাখা নগদ টাকা চোরেরা নিয়ে গেছে।
ওসমান হাদির চাচাতো ভাই সিরাজুল ইসলাম জানান, পরিবারের কেউ না থাকার সুযোগে চোরেরা জানালা ভেঙে ঘরে প্রবেশ করে। তবে কী পরিমাণ মালামাল চুরি হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে এবং প্রাথমিক তদন্ত চলছে। পুলিশ পরিবারের লোকজনের সঙ্গে কথা বলছে এবং এ ব্যাপারে আইনানুগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন গতকাল শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে আহত হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি। তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


