বাংলাদেশে হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও সহিংসতার অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “বাংলাদেশে হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই।”
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ফাঁকে আন্তর্জাতিক গণমাধ্যম জিটিও-কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সাক্ষাৎকারটি প্রকাশ করে সংবাদমাধ্যমটি।
অধ্যাপক ইউনূস বলেন, “হিন্দুদের ওপর নির্যাতন–নিপীড়নের অভিযোগ যেভাবে প্রচার হচ্ছে, তা সঠিক নয়। এখন ভারতের অন্যতম বৈশিষ্ট্য হলো ভুয়া খবর ছড়িয়ে দেওয়ার প্রবণতা।”
২০২৪ সালের গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হন দীর্ঘদিনের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পর আন্দোলনকারীদের দাবির মুখে শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে বেছে নেওয়া হয়।
সে সময়কার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, “আমি বিস্মিত হয়েছিলাম। অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব মেনে নিয়েছিলাম। আন্দোলনকারীদের বলেছিলাম—আপনারা যদি এত ত্যাগ স্বীকার করতে পারেন, তবে আমিও আমার সিদ্ধান্ত বদলাব।”
সাক্ষাৎকারে আরও বেশ কিছু ইস্যুতে কথা বলেন ড. ইউনূস। তিনি জাতীয় নির্বাচন বিলম্বিত হওয়ার যৌক্তিকতা তুলে ধরেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খোঁজার প্রক্রিয়া ব্যাখ্যা করেন এবং আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করার বিষয়েও মত দেন।


