কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের টমটম চালক নুরুল আবছার হত্যার ঘটনায় তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক জানান, বুধবার (২০ আগস্ট) ভোর রাতে কুতুপালং এলাকা থেকে শফি আলম (২৮), ইমাম হোসেন (২০) ও আবুল হাশিম (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
ওসি মাসরুরুল হক বলেন, “হত্যার পরপরই তদন্ত শুরু করা হয়। প্রযুক্তি ও মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। অন্য কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।”
স্থানীয়রা পুলিশের দ্রুত তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন এবং নিহতের পরিবার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

-পার্বত্য সময়