পবিত্র রমজান মাসে পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয় থেকে ফোনে রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় রমজানে যাতে মানুষ নির্বিঘ্নে ইবাদত করতে পারে, সে বিষয়ে প্রশাসনকে তৎপর থাকার নির্দেশ দেন মন্ত্রী।

ফোনালাপে তিনি বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিতে কোনো ধরনের ছাড় না দিয়ে পুলিশ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

মন্ত্রী ভূমি সংক্রান্ত বিরোধ আইন অনুযায়ী শান্তিপূর্ণভাবে নিষ্পত্তির নির্দেশ দেন। এ ছাড়া যানজট নিরসন, স্বাস্থ্যকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথাও বলেন। প্রমাণিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন ধরে রাখতে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকার ওপর জোর দিয়ে মন্ত্রী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও জনসেবামূলক কার্যক্রমে আরও মনোযোগ দিতে হবে, যাতে সরকারের চলমান কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়।