কক্সবাজারের কুতুবদিয়া উপকূল থেকে মিয়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও নিত্যপ্রয়োজনীয় পণ্যবোঝাই একটি ট্রলার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) গভীর রাতে কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরুং ইউনিয়নের পশ্চিম চর ধূরুং এলাকায় এ অভিযান চালানো হয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গভীর রাতে সাগরপথে মিয়ানমারের উদ্দেশ্যে সিমেন্ট ও বিভিন্ন নিত্যপণ্য নিয়ে একটি ট্রলার রওনা হয়। এ সময় উপকূল এলাকায় টহলরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা ট্রলারটি ফেলে পালিয়ে যায়।

জব্দকৃত ট্রলারে বিপুল পরিমাণ সিমেন্ট ছাড়াও ছোলা, বুট, ভোজ্যতেলসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া গেছে। পরবর্তীতে ট্রলারটি উত্তর ধূরুং ইউনিয়ন পরিষদ চত্বরে নিয়ে রাখা হয়।

কুতুবদিয়া থানার উপপরিদর্শক প্রবাল সিংহা বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রলারে থাকা কিছু মালামাল নষ্ট অবস্থায় রয়েছে। ট্রলারের মালিকানা ও পাচারকারীদের পরিচয় শনাক্তে তদন্ত কার্যক্রম চলছে বলে জানান তিনি।