রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজউকের প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ মোট ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার বেলা ১১টায় ঢাকার বিশেষ জজ আদালত–৪-এর বিচারক মো. রবিউল আলম এ রায় ঘোষণা করেন।
রায়ে টিউলিপ সিদ্দিককে ২ বছর, শেখ হাসিনাকে ৫ বছর এবং শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি টিউলিপ সিদ্দিক ও শেখ রেহানাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে; অনাদায়ে টিউলিপকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। মামলার অন্য ১৪ আসামিকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দুদক গত ১৩ জানুয়ারি মামলাটি দায়ের করে। রায় ঘোষণার সময় আদালত চত্বরে উপস্থিত ছিলেন বিবিসি ও স্কাই নিউজের সাংবাদিকরা, ছিলেন যুক্তরাজ্যের অনুসন্ধানী সাংবাদিক ডেভিড বার্গম্যানও।
দুদকের অভিযোগে বলা হয়, যুক্তরাজ্যের লেবার পার্টির এমপি হিসেবে নিজের রাজনৈতিক প্রভাব ব্যবহার করে টিউলিপ সিদ্দিক মা শেখ রেহানা, বোন আজমিনা সিদ্দিক ও ভাই রাদওয়ান মুজিবের জন্য রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেন। তিনজনই ১০ কাঠা করে প্লট পান। তবে মামলায় শুধু রেহানার প্লট বরাদ্দের বিষয়টি অন্তর্ভুক্ত থাকায় আজমিনা ও রাদওয়ানকে এই মামলার আসামি করা হয়নি; দুদক তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে।
কারাদণ্ডপ্রাপ্ত অন্য ১৪ জনের মধ্যে রয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের তৎকালীন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজউকের সাবেক চার সদস্য, সাবেক পরিচালক, উপপরিচালক, সহকারী পরিচালক এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। ১৭ আসামির মধ্যে খুরশীদ আলম আগে থেকেই কারাগারে ছিলেন।
গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির অভিযোগ নতুন করে উত্থাপিত হয়। তদন্তের চাপের মুখে গত ১৪ জানুয়ারি যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতিবিষয়ক মিনিস্টারের (ইকোনমিক সেক্রেটারি) পদ থেকেও পদত্যাগ করেন টিউলিপ সিদ্দিক।


