রোহিঙ্গা সংকট সমাধান এবং মানবিক সহায়তা কার্যক্রমে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে তুরস্ক।
সোমবার (৩ নভেম্বর) ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠককালে বাংলাদেশ-তুরস্ক সংসদীয় মৈত্রী গ্রুপের চেয়ারম্যান মেহমেত আকিফ ইয়িলমাজের নেতৃত্বে আগত একটি তুর্কি প্রতিনিধি দল এ প্রতিশ্রুতি জানায়।
মঙ্গলবার (৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা, মানবিক সহায়তা, শিক্ষা-বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ এবং প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের ভূমিকাকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে। তিনি জানান, এ সংকটে বাংলাদেশ মানবিক দায়িত্ব পালন করছে এবং তুরস্কের সমর্থন সে প্রচেষ্টায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তুর্কি প্রতিনিধি দল জানায়, তারা ১-২ নভেম্বর কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। সেখানে মানবিক সহায়তা কার্যক্রম প্রত্যক্ষ করে তারা বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেন। প্রতিনিধি দলের সদস্যরা বলেন, তুরস্ক বাংলাদেশকে ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বিবেচনা করে এবং রোহিঙ্গাদের আশ্রয় ও সহায়তায় বাংলাদেশের অবদান অনন্য।
বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য তুর্কি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং বাংলাদেশ থেকে দক্ষ ও অদক্ষ জনশক্তি গ্রহণের অনুরোধ জানান। তিনি জানান, বাংলাদেশ সরকার ঢাকায় ‘ইউনুস এমরে ইনস্টিটিউট’ স্থাপনের অনুমোদন দিয়েছে, যা দুই দেশের জনগণের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
প্রতিনিধি দল ভবিষ্যতেও সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্নিশ্চিত করে।


