মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংসতা ও মানবিক সংকটের মধ্যেই উত্তাল সাগর পেরিয়ে আবারও রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। শুক্রবার (২৫ জুলাই) সকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর সৈকতে ভেসে আসে রোহিঙ্গা বোঝাই একটি ট্রলার। এতে পাঁচজনের একটি পরিবারসহ মোট ২০ জন রোহিঙ্গা নাগরিক ছিল।
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের বরাতে জানা গেছে, সকাল ১১টার দিকে একটি ট্রলার সেন্টমার্টিনের উত্তরের সৈকতে এসে ভিড়ে। ট্রলারটিতে ১৬ জন পুরুষ, তিনজন নারী ও একজন শিশু ছিল। আবহাওয়া প্রতিকূল থাকায় তাদের ট্রলারটি আর সামনে যেতে পারেনি।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম জানান, ট্রলারে থাকা পাঁচজন একটি পরিবারের সদস্য। এছাড়া ১৫ জনের মধ্যে সাতজন মাঝি-মাল্লা বলেও ধারণা করা হচ্ছে। উত্তাল সাগর থেকে প্রাণ বাঁচাতে তারা বাংলাদেশে ঢুকে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে খবর পেয়ে জেলা প্রশাসককে বিষয়টি জানানো হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী রোহিঙ্গাদের হেফাজতে নিয়েছে এবং আবহাওয়া ভালো হলে তাদের মিয়ানমারে ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
-পার্বত্য সময়


