কক্সবাজারের টেকনাফ পৌরসভা এলাকায় অবৈধভাবে বসবাসরত ১৩ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় আশ্রয়দাতা দুই বাংলাদেশিকে আটক করা হয়। তারা হলেন টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়ার বাসিন্দা আব্দুল্লাহ (২৭) ও মো. ফয়াজ (৬৫)।

সোমবার (৬ অক্টোবর) রাতে র‌্যাব-১৫ এর একটি দল টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ায় অবস্থিত “আব্দুল্লাহ ম্যানশন”-এ অভিযান চালিয়ে রোহিঙ্গাদের উদ্ধার ও দুই আশ্রয়দাতাকে আটক করে।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি বলেন, “ওই ভবনে অবৈধভাবে রোহিঙ্গাদের থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর অভিযান চালানো হয়। ঘটনাস্থল থেকে ১৩ জন রোহিঙ্গাকে উদ্ধার ও তাদের আশ্রয়দাতা ভবনের মালিক আব্দুল্লাহ ও কেয়ারটেকার ফয়াজকে আটক করা হয়েছে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

রোহিঙ্গাদের আশ্রয়দানের মাধ্যমে মানবপাচার, জাল জাতীয় পরিচয়পত্র তৈরি ও মাদক চোরাচালানসহ নানা অপরাধে সম্পৃক্ততার অভিযোগে কক্সবাজারে নিয়মিত অভিযান চালাচ্ছে র‌্যাব ও পুলিশ।
বিশেষ করে টেকনাফ ও উখিয়া উপজেলার পৌর ও গ্রামীণ এলাকায় অনেক রোহিঙ্গা শিবিরের বাইরে স্থানীয়দের সহায়তায় ভাড়া বাসায় বসবাস করছে— যা সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ঝুঁকি ও সামাজিক অস্থিরতার কারণ হয়ে উঠেছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া শুধু অবৈধই নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্যও হুমকিস্বরূপ। এই ধরনের আশ্রয়দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।