মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বঙ্গোপসাগরে সিমেন্টবোঝাই দুটি ফিশিং বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।
সোমবার (৯ ডিসেম্বর) রাত ১০টা ৫০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে নিয়মিত সমুদ্র টহল পরিচালনাকালে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যাশা সেন্টমার্টিনের পশ্চিমে ২০–২৫ কিলোমিটার দূরে বাংলাদেশের জলসীমায় বোট দুটিকে সন্দেহজনক অবস্থায় থামতে নির্দেশ দেয়। পরে তল্লাশিতে দুটি বোটে মোট ১৫০০ বস্তা সিমেন্ট পাওয়া যায় এবং মাঝিমাল্লাসহ সবাইকে আটক করা হয়।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে জব্দ মালামাল, বোট এবং আটক ব্যক্তিদের নৌবাহিনীর সেন্টমার্টিন ফরওয়ার্ড বেসের মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। নৌবাহিনী জানায়, আটক মাঝিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, ৮ ডিসেম্বর ভোরে চট্টগ্রামের সন্দ্বীপ চ্যানেল থেকে এফভি মায়ের দোয়া ও এফভি খাজা গরিবের নেওয়াজ নামের দুটি ফিশিং বোটে সিমেন্ট লোড করা হয়। এই চালান সেন্টমার্টিন থেকে আরও দক্ষিণ–পূর্বে মিয়ানমারের মংডুর সিতা এলাকায় পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাদের।
তদন্তে উঠে আসে, সিমেন্ট পাচারের মূল হোতা টেকনাফের নাইট্যং পাড়ার মোঃ তৈয়ব। আটক বোট দুইটির মালিকের একজন লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার বাজার এলাকার মোঃ কালু মাঝি, অন্যটি চট্টগ্রামের কর্ণফুলীর সলিম।
নৌবাহিনী বলছে, বঙ্গোপসাগরে অবৈধ পণ্য পাচার প্রতিরোধ ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল আরও জোরদার করা হয়েছে।


