খুলনা মহানগর দায়রা জজ আদালতের সামনে দিনের আলোয় কুপিয়ে ও গুলি করে দু’জনকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আদালতের প্রধান গেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনাটি শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিহতদের নাম ফজলে রাব্বি রাজন (২৮) ও হাসিব (২৯)। হাসিব নতুন বাজার এলাকার মান্নান হাওলাদারের ছেলে এবং রাজন রূপসা উপজেলার বাগমারার দক্ষিণ ডাঙ্গা গ্রামের ইজাজ শেখের ছেলে। দু’জনই খুলনার আলোচিত সন্ত্রাসী শেখ পলাশের অনুসারী হিসেবে পরিচিত।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুপুরে আদালতের সামনে দুইজনকে গুলি করা হয়। তারা আদালতে কেন এসেছিলেন সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
তিনি আরও জানান, আদালত থেকে বের হওয়ার পর রাজনকে পেছন দিক থেকে চাপাতি দিয়ে কোপ দেয় দুর্বৃত্তরা। গুরুতর আহত হয়ে রাজন মাটিতে লুটিয়ে পড়লে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এরপর সাথে থাকা হাসিবকেও গুলি করা হয়। ঘটনাস্থলেই রাজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেয়া হলে হাসিবও মারা যান।
পুলিশ জানায়, হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।


