কক্সবাজারের রামুতে অভিযান চালিয়ে চার হাজার ১৩০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) আওতাধীন মরিচ্যা যৌথ চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়।
আটক দুই রোহিঙ্গা- উখিয়ার কুতুপালং ক্যাম্পের বাসিন্দা মো. রফিক (২৩) ও করিম (২২)। তারা বার্মিজ ইয়াবাগুলো কক্সবাজারে পাচারের চেষ্টা করছিলেন।
রামু ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মাহতাব উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “নিয়মিত তল্লাশির অংশ হিসেবে কুতুপালং থেকে কক্সবাজারগামী একটি সিএনজিকে থামিয়ে দুই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের দেহ তল্লাশিতে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ৪,১৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।” তিনি আরও জানান, জব্দ করা ইয়াবার বাজারমূল্য আনুমানিক ১২ লাখ ৩৯ হাজার টাকা।
আটক রোহিঙ্গাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
-পার্বত্য সময়


