কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৪ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাতে নাফ নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন টেকনাফ জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প (নং–২৭)-এর বাসিন্দা মৃত সৈয়দ আলমের পুত্র আব্দুল হাফেজ (২০) এবং ছৈয়দ আলমের পুত্র মো. নুর (২২)।

কোস্ট গার্ড জানায়, উদ্ধারকৃত ইয়াবা, পাচার কাজে ব্যবহৃত কাঠের বোট এবং আটক মাদক কারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।