রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১৪ মার্চ) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক অভিযানে মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২) নামের দুই ব্যক্তিকে ইয়াবাসহ হাতেনাতে আটক করে ডিএনসির ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের একটি দল।

ডিএনসি সূত্র জানায়, প্রথমে মো. জুবায়েরকে ৪ হাজার ৪০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরেকটি অভিযানে মো. হেদায়েতুল্লাহকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তারা এর আগেও বিভিন্ন সময় টেকনাফ থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবা পাচার করে আসছিল। আটক দুই ব্যক্তি টেকনাফ থানার লেদা ক্যাম্প এলাকার বাসিন্দা।

এ ঘটনায় ডিএনসির রমনা সার্কেলের পরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে আটক দুই ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছেন।