যুক্তরাজ্য ও কাতার রোহিঙ্গা শরণার্থীদের জন্য ১১.২ মিলিয়ন ডলার যৌথ তহবিল ঘোষণা করেছে, যা কক্সবাজারে ঝুঁকিপূর্ণ পরিবারগুলোর কাছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহে ব্যবহৃত হবে। রোববার (৭ ডিসেম্বর) ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

হাইকমিশনের বার্তায় বলা হয়, মানবিক সহায়তা জোরদারে কাতারের সঙ্গে অংশীদার হতে পেরে যুক্তরাজ্য গর্বিত। বর্তমানে কক্সবাজারে ৬ লাখ ৪৭ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় আশ্রয়দাতা সম্প্রদায় এই সহযোগিতার আওতায় উপকৃত হবে।

ঘোষণা অনুযায়ী, এই যৌথ অর্থায়ন শরণার্থী শিবির ও আশপাশের এলাকায় বসবাসকারী পরিবারগুলোর কাছে এলপিজি সরবরাহ নিশ্চিত করবে, যাতে পরিবেশগত অবক্ষয় কমে এবং জীবনযাত্রার মান উন্নত হয়।
উভয় দেশ জানিয়েছে, তারা একসঙ্গে নিরাপদ, স্বাস্থ্যকর ও টেকসই সম্প্রদায় গড়ে তোলার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।