জাতিসংঘের মহাসচিবের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত জুলি বিশপ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় তিনি তিন সদস্যের প্রতিনিধি দলসহ ক্যাম্প-৪ বর্ধিত অংশে পৌঁছান।
পরিদর্শনকালে তিনি রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে কথা বলেন এবং তাদের জীবনযাত্রা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। বৈঠকে রোহিঙ্গারা জাতিসংঘের কাছে তাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবাসনের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান।
প্রথমে ক্যাম্পের ৪সি ব্লকে রোহিঙ্গা নারী ও কিশোরীদের সঙ্গে বৈঠক করেন জুলি বিশপ। এরপর তিনি ক্যাম্পের শিক্ষা কেন্দ্র ও শিক্ষক প্রশিক্ষণ সেন্টার পরিদর্শন করেন। প্রায় ১ কিলোমিটার পথ হেঁটে ক্যাম্পের সার্বিক অবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি তিনি রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন।
দুপুরের পর তিনি ক্যাম্প-৪ এর সোলার প্যানেল মেরামত কার্যক্রম ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা কিশোরীদের সঙ্গে কথা বলেন। এরপর তিনি বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করেন এবং রোহিঙ্গা নারী-পুরুষদের সঙ্গে মতবিনিময় করেন।
পরে জাতিসংঘের প্রতিনিধি দল ক্যাম্প-১৮-এর রোহিঙ্গা সাংস্কৃতিক স্মৃতি কেন্দ্র পরিদর্শন করে। সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে আলোচনার পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠীর নারীদের সঙ্গেও বৈঠক করেন জুলি বিশপ।
বিকেল ৫টার দিকে প্রতিনিধি দলটি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে বৈঠক করে। এসময় জুলি বিশপ বলেন, "আমি জাতিসংঘের মিয়ানমার বিষয়ক বিশেষ দূত হিসেবে এখানে এসেছি। মিয়ানমার ও আশপাশের দেশগুলোর মানুষের কথা শোনা এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করাই আমার দায়িত্ব। জাতিসংঘের দল শরণার্থীদের সহায়তায় কঠোর পরিশ্রম করছে এবং বাংলাদেশ সরকার ও হোস্ট কমিউনিটির সঙ্গে সমাধান খুঁজে বের করার চেষ্টা করছে।"
বৈঠক শেষে জাতিসংঘের প্রতিনিধি দল কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।

-পার্বত্য সময়