ঐক্যবদ্ধ হয়ে রোহিঙ্গা নেতারা ঘোষণা করেছেন, রোহিঙ্গা ক্যাম্পে আর কোনো রক্ত নয়, আরাকানে গিয়ে রক্ত দিয়ে আরাকান স্বাধীন করবো।
বুধবার (২৫ ডিসেম্বর) রোহিঙ্গা ন্যাশনাল ডিফেন্স অ্যালায়েন্স (আরএনডিএ)- এর উদ্যোগে উখিয়া-টেকনাফের সকল রোহিঙ্গা ক্যাম্পের মুফতি ওলামায়ে একরাম, ছাত্র, যুবসহ সাধারণ রোহিঙ্গাদের সমন্বয়ে এক মহা-সমাবেশে এ ঘোষণা দেন। সকাল ১০টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১ ওয়েস্টের ই/৬ ব্লক সংলগ্ন মফিসের ফুটবল মাঠে এ সমাবেশ শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে।
রোহিঙ্গা নেতা মৌলভি রহমত করিম বলেন, আমরা রোহিঙ্গা জাতি প্রয়োজন হলে নিজ দেশ মিয়ানমার আজাদের জন্য রক্ত বিসর্জন দিতে হলেও দেবো। রোহিঙ্গা ক্যাম্পে নয় বরং আরাকানে গিয়ে রক্ত দিয়ে আরাকান স্বাধীন করতে হলে করবো।
মহা-সমাবেশের প্রধান অতিথি আরএনডিএ প্রধান দীল মোহাম্মদ জানান, মঞ্চে উপস্থিত সকলে রোহিঙ্গা জাতির বৃহত্তম স্বার্থে, দিদা দ্বন্দ্ব ভুলে সকল গ্রুপ ঐক্যবদ্ধ হয়েছে। 
তিনি বলেন, রোহিঙ্গা জাতির নিজস্ব ঠিকানা, বাড়ি-ঘর, সহায় সম্পত্তি, নিজস্ব পরিচয় সব ছিল। মিয়ানমার জান্তা সরকার যুগের পর যুগ নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে দমন-পীড়ন ও নির্যাতন চালিয়ে রোহিঙ্গাদের সবকিছু জ্বালিয়ে দিয়ে ২০১৭ সালে রাখাইন থেকে বিতাড়িত করেছে। সেই থেকে আমরা আশ্রয় হিসেবে বাংলাদেশে ক্যাম্পের ঝুপড়ি ঘরে বসবাস করছি।
দীল মোহাম্মদ আরও বলেন, যুগের পর যুগ নিজ দেশ ও মাতৃভূমি ফেলে তো আরেকটি দেশে জীবন কাটানো যায় না। সেজন্য মিয়ানমারে ফিরে যেতে ক্যাম্পে বসবাসকারী রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ করতে ধাপে ধাপে সমাবেশ করছি, কীভাবে মিয়ানমারের রাখাইনে নিজ দেশে ফিরতে পারি।
বক্তারা জানান, তারা প্রত্যাবাসনের জন্য সকলকে উদ্বুদ্ধ এবং নিজ দেশ মিয়ানমারে প্রত্যাবর্তন নিয়ে কাজ করবেন। দেশে ফেরত যাওয়ার ব্যাপারে যথোপযুক্ত উদ্যোগ গ্রহণ করবেন। এসময় তারা বলেন, রোহিঙ্গা জাতির স্বার্থে ক্যাম্পে শান্তি শৃঙ্খলার পরিবেশ তৈরি ও শান্তি শৃঙ্খলা ধরে রাখতে হবে।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন মাওলানা জুবায়ের আহমেদ এবং স্পিকার হিসাবে দায়িত্ব পালন করেন মাওলানা রহমত করিম। রোহিঙ্গা নেতা মাস্টার আইয়ুব, আবু আলম, মাওলানা আব্দুল রহিম, মাওলানা জুবায়ের, মাওলানা রহমত করিম, আনোয়ার সাদেক এবং মাস্টার মুজিবসহ বিভিন্ন রোহিঙ্গা গ্রুপের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। ১৮ হাজার থেকে ২০ হাজার রোহিঙ্গা এ সমাবেশে অংশ নেয়।
উখিয়া-১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. সিরাজ আমিন সত্যতা নিশ্চিত করে বলেন, রোহিঙ্গা মুফতি ও ওলামায়েদের একটি সমাবেশ ক্যাম্পে আয়োজন হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে সমাবেশটি দুপুরে দিকে শেষ হয়েছে।

  • -পার্বত্য সময়