অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের পাঁচ সদস্য।
মঙ্গলবার ‘হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটি’র ওয়েবসাইটে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন প্রতিনিধি পরিষদের ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্রেগরি ডব্লিউ মিকস। এছাড়া প্রতিনিধি পরিষদের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপকমিটির চেয়ারম্যান বিল হুইজেনগা এবং উপকমিটির সদস্য সিডনি কমলাগার-ডোভও চিঠিতে স্বাক্ষর করেন।
চিঠিতে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রেক্ষাপটে একটি রাজনৈতিক দলকে সম্পূর্ণ নিষিদ্ধ করার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন মার্কিন আইনপ্রণেতারা। একই সঙ্গে জাতীয় সংকটকালে দেশের দায়িত্ব নেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানান তারা।
পাঁচ কংগ্রেস সদস্য আশাবাদ ব্যক্ত করে বলেন, অন্তর্বর্তী সরকার দেশের বিভিন্ন রাজনৈতিক ধারার দলগুলোকে সম্পৃক্ত করে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন করবে, যাতে জনগণ শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পায়। পাশাপাশি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলেও তারা আশা প্রকাশ করেন।
তবে কোনো রাজনৈতিক দলের কার্যক্রম স্থগিত করা কিংবা ত্রুটিপূর্ণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনরায় চালু করলে সে লক্ষ্য অর্জন কঠিন হয়ে পড়বে বলে আশঙ্কা জানান মার্কিন আইনপ্রণেতারা।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, সংগঠন করার স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের দায় সামষ্টিক নয়, বরং ব্যক্তিগত। যারা অপরাধ বা মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে ব্যবস্থা নেওয়ার পরিবর্তে একটি রাজনৈতিক দলের কার্যক্রম পুরোপুরি স্থগিত করার সিদ্ধান্ত এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে মত দেন তারা।