বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গণতন্ত্রকামী দেশবাসীর প্রতি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ভোটাররা যেন নিজের পছন্দ অনুযায়ী যাকে উপযুক্ত মনে করেন, তাকেই ভোট দেন এবং এর মাধ্যমে নিজেদের রাষ্ট্রীয় অধিকার ও মালিকানা নিশ্চিত করেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভোটকেন্দ্রে যাওয়ার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ আহ্বান জানান তারেক রহমান।
তিনি বলেন, আজ ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়ে নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করার মধ্য দিয়ে জনগণ তাদের সাংবিধানিক কর্তব্য পালন করবে। আগামী দিনগুলোতে নির্বাচিত সংসদ সদস্যরা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ধানের শীষ প্রতীকে বিজয়ী প্রার্থীরা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন, সে বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব তিনি নিজে নেবেন বলেও উল্লেখ করেন বিএনপি চেয়ারম্যান।
তিনি আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসায় অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিএনপির বিজয় ইনশাআল্লাহ নিশ্চিত হবে।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, সবাই মিলে দেশের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করতে হবে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।


