পার্বত্য চট্টগ্রামের সন্তান নারী ফুটবলার ঋতুপর্ণা চাকমাকে সম্মান জানিয়ে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘তোমাকে সম্মানিত করতে পেরে আমরা আনন্দিত।’ বেগম রোকেয়া পদক–২০২৫ জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত এ সংবর্ধনায় প্রধান উপদেষ্টা নারী ফুটবল দল এবং ঋতুপর্ণা চাকমার খোঁজখবর নেন। তিনি নারী দলের থাকা–খাওয়া ও অনুশীলনের সুযোগ–সুবিধা, দলে নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তির বিষয় এবং তাদের পারফরম্যান্স সম্পর্কে বিস্তারিত জানতে চান।

প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের সবাই তোমাদের নারী ফুটবল দলের ভক্ত। বহু ছেলেমেয়ে তোমাকে অনুসরণ করে। তোমাকে সম্মানিত করার অর্থ হলো, তোমাকে যারা অনুসরণ করে তাদেরও অনুপ্রাণিত করা। আমরা চাই আমাদের ছেলেমেয়েরা আরও অনুপ্রাণিত হোক।’

এ সময় ঋতুপর্ণা চাকমার পাশাপাশি বেগম রোকেয়া পদক–২০২৫ জয়ী রুবহানা রাকিব, নাবিলা ইদ্রিস ও কল্পনা আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।