বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে একটি বন্যহাতি গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণে হাতিটির ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
সোমবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের ৪৩ ও ৪৪ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বনবিভাগের নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার।
মিয়ানমার সীমান্তে নিজেদের নিরাপত্তার দোহাই দিয়ে আন্তর্জাতিক আইন অমান্য করে আরাকান আর্মি স্থলমাইন বসিয়েছে। এর আগে স্থলমাইন বিস্ফোরণে স্থানীয় অনেক মানুষ শারিরীকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, খাবারের খোঁজে হাতিটি মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় পুঁতে রাখা স্থলমাইনের ওপর পা দিলে বিস্ফোরণ ঘটে। আহত অবস্থায় হাতিটি আতঙ্কে মিয়ানমারের দিকে ফিরে যায়। পরে পুনরায় বাংলাদেশে ঢুকে চাকঢালার চেরার মাঠের ঐট্টাইল্যাঝিরি এলাকায় অবস্থান নেয়।
হাতিটির ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ উড়ে গেছে। স্থানীয়রা উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছেন। হাতিটি মিয়ানমারের নাকি বাংলাদেশের, তা নিশ্চিত হওয়া যায়নি। কারণ সীমান্ত এলাকার অনেক বন্যহাতি খাবারের সন্ধানে দুই দেশেই যাতায়াত করে।
বনবিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোজাম্মেল হক সরকার বলেন, আহত হাতিটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
-পার্বত্য সময়


