সারাদেশে শীতের হিমেল হাওয়া বয়ে চলছে। সময়ের সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতা। সেই সঙ্গে দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের বেশ কিছু অঞ্চলে ঘন কুয়াশায় ছেয়ে গেছে। আবহাওয়া অফিস বলছে শীত আরও বাড়তে পারে। দেশের কোথাও কোথাও ১০ ডিগ্রির নীচে নামতে পারে তাপমাত্রা, বয়ে যেতে পারে মাঝারি শৈত্যপ্রবাহ।

চলতি মৌসুমে দেশের ভেতরে সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে সোমবার (১১ ডিসেম্বর) নওগাঁর বদলগাছিতে। সেখানকার তাপমাত্রা ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল। বদলগাছিতে যে তাপমাত্রা রেকর্ড হয়েছে, তা শৈত্যপ্রবাহের কাছাকাছি। তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে সেটিকে শৈত্যপ্রবাহ বলেন আবহাওয়াবিদেরা।

শীতের তীব্রতার সঙ্গে কুয়াশার দাপটে উত্তর–পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। এসব এলাকায় স্বল্প আয়ের মানুষ সমস্যায় পড়ছেন। তীব্র শীতের মধ্যে রিকশা চালানোসহ দিনমজুরির কাজ করা মানুষ বেশি ভুগছেন। ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আত্রান্তের সংখ্যা বাড়ছে।

ঘন কুয়াশার কারণে সোমবার সকালে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় দেরি হয়।

আবহাওয়াবিদরা বলছেন, মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। আবহাওয়াবিদ বজলুর রশিদ জানিয়েছেন, বুধবার (১৩ ডিসেম্বর) থেকে তাপমাত্রা আরও কমে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। যা চলতি মৌসুমে প্রথম। শৈত্যপ্রবাহ সাধারণত দুই থেকে চার দিন স্থায়ী হয়। 

আবহাওয়াবিদরা বলছেন, আগামী ১৪ ডিসেম্বর থেকে দেশের উত্তরাঞ্চলসহ বেশ কিছু এলাকার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বইতে শুরু করতে পারে। একইভাবে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের যশোর, কুষ্টিয়া, সিলেটের শ্রীমঙ্গল, দিনাজপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও পঞ্চগড়– এসব এলাকার কোথাও কোথাও তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে; তখন শুরু হবে শৈত্যপ্রবাহ।