ভ্যাটিকানের সমন্বিত মানব উন্নয়ন মন্ত্রী কার্ডিনাল ফেলিক্স মাইকেল চেরনি রোহিঙ্গা সংকটে বৈশ্বিক সংহতি জোরদারের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রোহিঙ্গা পরিস্থিতি অত্যন্ত জটিল ও মানবিকভাবে সংবেদনশীল, কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এ ইস্যুতে যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। তাই রোহিঙ্গাদের পাশে বিশ্বকে আরও ঐক্যবদ্ধ হওয়া এবং সহায়তা বাড়ানো জরুরি।
মঙ্গলবার (৪ নভেম্বর) রাজধানীর আসাদ অ্যাভিনিউতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। সফরের অংশ হিসেবে কার্ডিনাল চেরনি কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন। সেখানে মানুষের জীবনযাত্রা প্রত্যক্ষ করে তিনি বলেন, ক্যাম্পে আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, মানুষ তাদের প্রতিদিনের জীবনে বহু গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। তাদের মধ্যে নিজ দেশে ফিরে যাওয়ার গভীর আকাঙ্ক্ষা রয়েছে।
তিনি বলেন, রোহিঙ্গা সংকটের সমাধানে আরও আন্তর্জাতিক মনোযোগ প্রয়োজন। পাশাপাশি যে মানুষগুলো সেখানে কষ্টে আছে, তাদের সহায়তা ও সমর্থন যেন কোনোভাবেই কমে না যায়। “আমরা সাহায্য করছি এবং আমাদের এই সহায়তা অব্যাহত রাখতে হবে,” মন্তব্য করেন ভ্যাটিকানের এই উচ্চপদস্থ কর্মকর্তা।
কার্ডিনাল চেরনি আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নিরাপদে নিজ দেশে ফিরে গিয়ে শান্তি ও মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারবে।


