বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে পৃথক দুই অভিযানে ৩ লাখ ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এ ঘটনায় এক রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।
৩৪ বিজিবি সূত্র জানায়, শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ঘুমধুম বিওপির একটি আভিযানিক টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার–৩১ থেকে প্রায় ১ দশমিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কাঁকড়া ব্রিজ এলাকায় বিশেষ অভিযান চালায়।
অভিযানকালে উখিয়ার বালুখালী ৯ নম্বর এফডিএমএন ক্যাম্পে বসবাসরত আবু সিদ্দিকের ছেলে বছির আহম্মেদ (৫০) নামের এক রোহিঙ্গা নাগরিককে ৮০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়।
এর আগে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে একই ব্যাটালিয়নের অধীন বাইশফাঁড়ী বিওপির একটি দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ২০০ গজ ভেতরে বাঁশঝাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
বিজিবি জানায়, জব্দ করা ইয়াবার মোট পরিমাণ ৩ লাখ ৩০ হাজার পিস। আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এস এম খায়রুল আলম, কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক (লেফটেন্যান্ট কর্নেল), বলেন- সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


