নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সূর্যমুখী ঘাট সংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ রাসায়নিক সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সংস্থাটি জানিয়েছে, মিয়ানমার থেকে মাদকের বিনিময়ে এসব সার পাচার করা হচ্ছিল।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক রোববার (২ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত মধ্যরাতে কোস্টগার্ডের হাতিয়া স্টেশন বিশেষ অভিযান চালায়। পরে শনিবার (১ নভেম্বর) রাতে আটক ব্যক্তিদের হাতিয়া থানায় সোপর্দ করা হয়।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, একটি চোরাচালান চক্র বাংলাদেশি সার মিয়ানমারে পাচার করে বিনিময়ে ইয়াবা, মদসহ বিভিন্ন মাদকদ্রব্য দেশে আনছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। রাত ১টার দিকে সূর্যমুখী ঘাটসংলগ্ন মেঘনা নদীতে সন্দেহভাজন তিনটি ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় ১৪ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ১ হাজার ১৯৪ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়। এছাড়া পাচারে ব্যবহৃত তিনটি ট্রলারসহ ৯ পাচারকারীকে আটক করা হয়।
জব্দ করা সার অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে জানিয়েছে কোস্টগার্ড। পরে জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের হাতিয়া থানায় সোপর্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ১ হাজার ১৯৪ বস্তা সার, ৯ পাচারকারী ও তিনটি ট্রলার হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে। চোরাচালান রোধে কোস্টগার্ডের এ ধরনের অভিযান চলমান থাকবে।


