বান্দরবানের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতরে পশ্চিম দরগাহ বিল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে আসামিবিহীন চার লাখ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

৩৪ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ কোটি টাকা। সাম্প্রতিক সময়ে এটি কক্সবাজার ব্যাটালিয়নের অন্যতম সফল মাদকবিরোধী অভিযান বলে উল্লেখ করা হয়েছে।

বিজিবির তথ্য অনুযায়ী, গত ছয় মাসে (এপ্রিল-অক্টোবর ২০২৫) কক্সবাজার ব্যাটালিয়নের পরিচালিত বিভিন্ন অভিযানে মোট ১৩ লাখ ৪১ হাজার ১৩৫ পিস ইয়াবাসহ প্রায় ৪০ কোটি ২৪ লাখ ৮৫ হাজার টাকার মাদক জব্দ করা হয়। একই সময়ে ১০ কোটি ৫৪ লাখ টাকার বিভিন্ন চোরাচালানি পণ্য- সিগারেট, সার, সিমেন্ট, গরু, জ্বালানি ও হার্ডওয়্যার সামগ্রীসহ আটক করা হয়। সব মিলিয়ে মাদক ও চোরাচালানি দমনে প্রায় ৫০ কোটি ৭৯ লাখ টাকার পণ্য জব্দ এবং ৯৫ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় মাদক কারবার ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করতে নিয়মিত জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়ন করছে বিজিবি। পাশাপাশি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, দুস্থ নারীদের সেলাইমেশিন বিতরণ, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান এবং মাইন বিস্ফোরণে আহতদের আর্থিক সহযোগিতা- এ ধরনের মানবিক উদ্যোগও অব্যাহত রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম খায়রুল আলম (পিএসসি) বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান দমনে বিজিবির অভিযান আরও জোরদার থাকবে।