ময়মনসিংহ নগরীর হামিদ উদ্দিন রোডে এক কথার দ্বন্দ্ব থেকে ঘটল মর্মান্তিক হত্যাকাণ্ড। বুধবার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে ‘তুই’ বলাকে কেন্দ্র করে মো. সজিব (২০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।
নিহত সজিব ওই এলাকার আবুল কামাল আজাদের ছেলে এবং তিনি তার বাবার হোটেল পরিচালনায় সহযোগিতা করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সজিব ও শফিক মিয়ার ছেলে মন্টিসহ কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিল। এ সময় কথোপকথনের একপর্যায়ে সজিব মন্টিকে ‘তুই’ বলে সম্বোধন করে। এতে মন্টি ক্ষিপ্ত হয়ে সজিবের সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে।
বাকবিতণ্ডার একপর্যায়ে মন্টি পাশের দোকান থেকে সুপারি কাটার যাঁতি এনে সজিবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, "একটি তুচ্ছ বিষয়ে বাকবিতণ্ডা থেকে এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, কিশোরদের মধ্যে সহিংস আচরণ বাড়ছে, যা নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।
‘তুই’ বলায় যুবককে কুপিয়ে হত্যা
তুচ্ছ কথার দ্বন্দ্ব থেকে প্রাণ গেল ময়মনসিংহের এক যুবকের।
সি
স্টাফ রিপোর্টার
২৭ মার্চ, ২০২৫ ৫:৪১ পূর্বাহ্ন১ মিনিট পড়া

ছবি: সংগৃহীত

