রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর পাশাপাশি ন্যায়সঙ্গত উত্তরণের পথ নিশ্চিত করা জরুরি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত ‘সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে তিনি এ আহ্বান জানান।
ড. ইউনূস বলেন, বিশ্ব এখন বহুমুখী সংকটের মুখে— জলবায়ু পরিবর্তনের প্রভাব বিস্তৃত হচ্ছে, বৈষম্য গভীর হচ্ছে, আর ন্যায় ও শান্তির লড়াই মানবতাকে কঠিন পরীক্ষায় ফেলছে।
তিনি আরও উল্লেখ করেন, মানবকল্যাণ, সামাজিক ন্যায়বিচার ও পরিবেশ সংরক্ষণকে অগ্রাধিকার দিয়ে অর্থনীতিকে পুনর্গঠন করতে হবে। এর মধ্যেই বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে, যেখানে দেশটি ইতোমধ্যে ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে।
প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, জাতিসংঘের বাজেট হ্রাস বা আন্তর্জাতিক সহায়তা কমে গেলে বাংলাদেশে এর নেতিবাচক প্রভাব পড়বে। বরং সংকট নিরসনে বৈশ্বিক সহায়তা বাড়াতে হবে এবং একটি ন্যায়সঙ্গত ও স্থায়ী সমাধানের দিকে অগ্রসর হতে হবে।
এর আগে স্থানীয় সময় বিকেল ৩টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধান উপদেষ্টা। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন অন্তর্বর্তী সরকারের ছয় উপদেষ্টা, পাশাপাশি বিএনপি, জামায়াত ও এনসিপি নেতৃবৃন্দ।

-পার্বত্য সময়