মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন ড. মুহাম্মদ ইউনূস।

বিমানবন্দরে নামার পরেই দেশের চলমান পরিস্থিতি নিয়ে শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আপনারা যদি আমার ওপর ভরসা রাখেন, তাহলে কারও ওপর হামলা হবে না।

তিনি বলেন, সরকারকে দেখে মানুষ ভয় পাবে না, তাদের বুক ফুলে উঠবে যে সরকার আমাদের সাহায্য করবে।

তিনি আরও বলেন, ‘আমাদের এই স্বাধীনতা রক্ষা করতেই হবে। আর এই বাংলাদেশ স্বাধীন হওয়ার অর্থ হলো তার নিজের পরিবর্তন।’, বলেন তিনি।

আজ রাত আটটার দিকে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিতে পারে। ড. ইউনূসকে স্বাগত জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, তিন বাহিনীর প্রধান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা, নির্বাচন পর্যবেক্ষণকারী ও ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

বিমানবন্দরে বেলা পৌনে তিনটার দিকে বক্তব্য দেন ড. ইউনূস। তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে আজকে নতুন বিজয় সৃষ্টি হলো। কান্নাজড়িত কণ্ঠে ড. ইউনূস বলেন, ‘তরুণ সমাজ এটা সম্ভব করেছে। তাদের প্রতি আমরা সমস্ত কৃতজ্ঞতা জানাই।’

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন হয় গত সোমবার। এরপর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই।