বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস নিউইয়র্কে প্যারিসের মেয়র অ্যানে হিদালগোর সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, চলমান সংস্কার কার্যক্রম এবং রোহিঙ্গা সংকট প্রধান আলোচ্য বিষয় ছিল।
বৈঠকে ড. ইউনূস বলেন, বাংলাদেশ এখন একটি গণতান্ত্রিক রূপান্তরের পথে রয়েছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন হবে দেশের ভবিষ্যৎ নির্ধারণে “একটি ভিত্তিমূলক ঘটনা”, যা গণতন্ত্রকে আরও দৃঢ় করবে। তিনি আশ্বাস দেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।
আলোচনায় রোহিঙ্গা সংকট বিশেষ গুরুত্ব পায়। উভয় নেতা মনে করেন, বাংলাদেশে আশ্রিত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা জরুরি। মেয়র হিদালগো আশা প্রকাশ করেন, একদিন রোহিঙ্গারা নিরাপদে ও মর্যাদার সঙ্গে মিয়ানমারে ফিরতে পারবে।
এ প্রসঙ্গে ড. ইউনূস জানান, জাতিসংঘ আগামী সপ্তাহে রোহিঙ্গা সংকট নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করতে যাচ্ছে, যার লক্ষ্য হবে বৈশ্বিক মনোযোগ আকর্ষণ ও টেকসই সমাধান নিশ্চিত করা।
রাজনৈতিক ও মানবিক আলোচনার পাশাপাশি ক্রীড়াকে সামাজিক ব্যবসার প্ল্যাটফর্মে রূপান্তর নিয়েও মতবিনিময় হয়। ড. ইউনূস প্যারিস ২০২৪ অলিম্পিককে সামাজিক ব্যবসার মডেল হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ করেন এবং ভবিষ্যতের অলিম্পিক, বিশেষ করে লস অ্যাঞ্জেলেস গেমসকে কার্বন নিরপেক্ষ করার ওপর জোর দেন।
মেয়র হিদালগো ড. ইউনূসের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, “আমি আপনার নেতৃত্বকে গভীরভাবে সম্মান করি। মানবতার জন্য আপনার অঙ্গীকার এক অনন্য দৃষ্টান্ত।”
বৈঠক শেষে ড. ইউনূস মেয়র হিদালগোকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, এই সফর বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে মানবিক এবং সামাজিক ব্যবসায়িক সহযোগিতা আরও জোরদার করবে। বৈঠকে এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।


