কাজ করে দেওয়ার বিনিময়ে পাকা কলা ঘুষ নেওয়ার দায়ে যশোর জেলা পরিষদের উচ্চমান সহকারী আলমগীর হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে এ অভিযোগ প্রমাণিত হয়।
বুধবার (৫ নভেম্বর) জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন স্বাক্ষরিত অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।
গত ২৬ অক্টোবর যশোর শিল্পকলা একাডেমিতে দুদকের গণশুনানিতে জমি ইজারা সংক্রান্ত কাজে ঘুষ নেওয়ার অভিযোগে আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তিনি টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করলেও পাকা কলা ঘুষ হিসেবে গ্রহণের বিষয়টি স্বীকার করেন। পরে দুদক কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবর আজিজী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জেলা পরিষদের আদেশে বলা হয়, গণশুনানিতে অভিযুক্তের বিরুদ্ধে ঘুষের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
প্রধান নির্বাহী কর্মকর্তা এস. এম. শাহীন বলেন, “তার বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হচ্ছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি জানান, জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক ছুটিতে থাকায় সিদ্ধান্তে সামান্য বিলম্ব হয়েছে।


