জাতিসংঘ শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) জানিয়েছে, বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা আবারও বেড়েছে। ডিসেম্বর ২০২৪ থেকে ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত নতুন করে ১ লাখ ৪৯ হাজার ৭৬৯ জন রোহিঙ্গা নিবন্ধিত হয়েছে।
বুধবার (১৩ মে) প্রকাশিত সংস্থাটির মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এদের মধ্যে শুধু মার্চ মাসেই ২ হাজার ৭৮০ জন নতুন করে নিবন্ধিত হয়েছে। মার্চে মোট নতুন নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা ছিল ১ লাখ ৪৬ হাজার ৯৮৯ জন।
ইউএনএইচসিআর জানিয়েছে, বাংলাদেশে বর্তমানে মোট ১১ লাখ ৯৪ হাজার ১২৩ জন রোহিঙ্গার অবস্থান করছে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সাল থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতা ও নিপীড়ন আরও তীব্র হওয়ার কারণে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে।
৩০ এপ্রিল পর্যন্ত ইউএনএইচসিআর মোট ১০ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন রোহিঙ্গাকে নিবন্ধিত করেছে। তারা ১৯৯০ এবং ২০১৭ সালের পর মিয়ানমার থেকে বাংলাদেশে এসেছে। এদের মধ্যে ১৯৯০ সালের পর এসেছে ৩৯ হাজার ৬৯১ জন এবং ২০১৭ সালের গণপ্রবাহের পর এসেছে ১০ লাখ ৪ হাজার ৬৬৩ জন।
প্রতিবেদনে আরও বলা হয়, রাখাইনের চলমান সংঘাত নতুন করে রোহিঙ্গা প্রবাহ বাড়াচ্ছে। গত বছরের শেষ দিকে নতুন আগমনের একটি ঢেউ শনাক্ত করা হয় এবং তাদের বায়োমেট্রিক নিবন্ধন এখনো চলছে।


