বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী সাকা হাফং (সাফাহাফং) পাহাড় সংলগ্ন এলাকায় নিয়ম ভেঙে প্রবেশ করা চার পর্যটককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (১ জুন) বিকেলে নিপিউপাড়া বিওপি সংলগ্ন সাকা হাফং এলাকার কাছ থেকে ঢাকায় বসবাসকারী চার পর্যটককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া চার পর্যটকের মধ্যে রয়েছেন- ২৯ বছর বয়সী ঢাকার সূত্রাপুর এলাকার বাসিন্দা সৈকত দাস এবং ২২ বছর বয়সী মৃদুল দাস। এছাড়া সবুজবাগ এলাকার দক্ষিণ বাসাবোর বাসিন্দা ২৭ বছর বয়সী মেহেদী হাসান ও সূত্রাপুর এলাকার নন্দলাল দত্ত লেনের বাসিন্দা ২৮ বছর বয়সী রেদোয়ান মাহমুদও তাদের সঙ্গে ছিলেন।

জানা গেছে, তারা গত ২৯ মে আলীকদমে এসে বিভিন্ন দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে অনুমোদিত রুটের বাইরে দিয়ে নিপিউপাড়া এলাকায় পৌঁছান।

তথ্যমতে, পর্যটকরা আলীকদম থেকে থানচি, টেন্ডুমুখ, রেমাক্রি, নাফাখুম ও ভজনপাড়া হয়ে দুর্গম পাহাড়ি পথ ব্যবহার করে সাকা হাফং সংলগ্ন এলাকায় প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে কোনো অনুমোদিত গাইড ছিল না বলে জানা গেছে।

স্থানীয় এক বাসিন্দা শারীরিকভাবে দুর্বল অবস্থায় থাকা পর্যটকদের দেখতে পেয়ে নিপিউপাড়া বিজিবি ক্যাম্পে নিয়ে যান এবং ক্যাম্প কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। পরে বিজিবির জিজ্ঞাসাবাদে পর্যটকরা জানান, তারা ভুল পথে ট্রেকিং করতে গিয়ে ওই এলাকায় পৌঁছে যান।

বিজিবি সূত্র আরও জানায়, উদ্ধার হওয়া চার পর্যটককে নিরাপদে বলিপাড়া এলাকায় নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সীমান্ত নিরাপত্তা ও পর্যটকদের সুরক্ষার স্বার্থে দুর্গম পাহাড়ি এলাকায় ভ্রমণের আগে প্রশাসনের অনুমতি ও প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে বিজিবি।