মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী এলাকায় আরাকান আর্মির গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হওয়ার পর সাঁতরে বাংলাদেশ সীমান্তে এসে পৌঁছান। পরে বিজিবির সহায়তায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

শনিবার (৬ জুন) সকালে উখিয়া সীমান্তসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।

বিজিবি সূত্রে জানা গেছে, উখিয়ার ছোটবিল বিওপির নিকট গুলিবিদ্ধ অবস্থায় মো. আইয়ুব (২৮) নামে এক রোহিঙ্গা যুবক বাংলাদেশে প্রবেশ করেন। তিনি উখিয়ার থাইয়ংখালী আশ্রয়শিবিরের এ-৪ ব্লকের বাসিন্দা।

আহত আইয়ুব বিজিবিকে জানান, শুক্রবার মাছ ধরার উদ্দেশ্যে তিনি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মিয়ানমারের বগারদিয়া এলাকায় প্রবেশ করেন। সেখানে আরাকান আর্মির সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি চালালে তিনি আহত হন।

পরে জীবন বাঁচাতে গুলিবিদ্ধ অবস্থায় নাফ নদী সাঁতরে বাংলাদেশ সীমান্তে পৌঁছান তিনি। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিষয়ে প্রয়োজনীয় অনুসন্ধান চলছে বলে জানিয়েছে বিজিবি।