মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার।

বুধবার (২৯ জুলাই) চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।

আনোয়ার ইব্রাহিমের ভাষ্য অনুযায়ী, দুই দেশের মধ্যে আলোচনার পর এ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে। তিনি বলেন, মিয়ানমারের সামরিক নেতৃত্বাধীন সরকারের সঙ্গে মালয়েশিয়ার কূটনৈতিক যোগাযোগের ফলেই এ অগ্রগতি সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, প্রত্যাবাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বাংলাদেশে আশ্রয় নেওয়া আরও ৩ লাখ রোহিঙ্গাকেও ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার।

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার গুরুত্ব তুলে ধরে আনোয়ার ইব্রাহিম বলেন, আলোচনার মাধ্যমেই এ ধরনের জটিল বিষয়ের সমাধান সম্ভব।

একই অনুষ্ঠানে মালয়েশিয়ায় অবস্থানরত রোহিঙ্গাদের উদ্দেশে তিনি দেশটির আইন মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, জনসমাগমস্থল বা সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

আনোয়ার ইব্রাহিম জানান, জনশৃঙ্খলা বিঘ্নিত হলে কঠোর ব্যবস্থা নিতে তিনি পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, মালয়েশিয়ার জনগণের ব্যবসা-বাণিজ্য, যান চলাচল কিংবা স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটানো হলে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, অতীতে অনেকেই রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি জানালেও তা বাস্তবায়ন সম্ভব হয়নি, কারণ তখন মিয়ানমার তাদের ফিরিয়ে নিতে রাজি ছিল না। সে কারণে তাদের নির্ধারিত স্থানে রাখার ব্যবস্থা করা হয়েছিল।

তবে আনোয়ার ইব্রাহিমের এ বক্তব্যের বিষয়ে মিয়ানমার সরকার বা বাংলাদেশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। প্রত্যাবাসনের সময়সূচি, পদ্ধতি কিংবা বাস্তবায়ন প্রক্রিয়া সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।