কক্সবাজারের উখিয়ার রেজিস্টার্ড কুতুপালং ক্যাম্পে এনজিও পরিচালিত জিকে হাসপাতালে এক রোহিঙ্গা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ স্বজন ও স্থানীয় রোহিঙ্গারা হাসপাতালে ভাঙচুর চালিয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা ৪০ মিনিট পর্যন্ত এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ইদ্রিস আলী (৫৩), কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের বাসিন্দা নাজির আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকনিকের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ার পর ইদ্রিস আলীকে জিকে হাসপাতালে নেওয়া হয়। তবে রোগীর ডাটা কার্ড না থাকায় চিকিৎসা কার্যক্রম শুরু করতে ১৫ থেকে ২০ মিনিট বিলম্ব হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হলে স্বজনরা চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে বিক্ষোভ শুরু করেন।

এক পর্যায়ে বিক্ষুব্ধরা হাসপাতালের ভেতরে ভাঙচুর চালায়। এতে আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উখিয়া থানার ওসি মুজিবুর রহমান জানান, রোহিঙ্গা রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে।