মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে কক্সবাজারের উখিয়ার আশ্রয়শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

শুক্রবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিনিধি দলটি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে। এ সময় তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ ও প্রত্যাশার কথা শোনেন এবং বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

দুপুর ১২টার দিকে ১৪ সদস্যের মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছায়। সেখান থেকে তারা সরাসরি রোহিঙ্গা ক্যাম্পে যান। দুপুর ২টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৮-ডব্লিউ ক্যাম্পে পৌঁছে ওয়াচ টাওয়ার থেকে ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। প্রায় ২০ মিনিট পর্যবেক্ষণের পর তারা ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে রোগী, চিকিৎসক ও নার্সদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার বিষয়ে খোঁজখবর নেন।

পরে বিকেল সাড়ে ৩টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) পরিচালিত নিবন্ধন কেন্দ্র পরিদর্শন করে। সেখানে নিবন্ধন কার্যক্রম সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তারা।

এরপর বিকেল সোয়া ৪টার দিকে প্রতিনিধি দলটি উখিয়ার ৪-এক্সটেনশন ক্যাম্পে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) পরিচালিত খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শন করে। খাদ্য বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণের পাশাপাশি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানেন।

পরিদর্শন শেষে বিকেল পৌনে ৫টার দিকে প্রতিনিধি দলটি উখিয়া উপজেলা সদরের নর্থ এন্ড ক্যাফেতে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেয়। বৈঠকে সার্জিও গরের পাশাপাশি বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ প্রতিনিধি দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকেই যুক্তরাষ্ট্র সর্বোচ্চ দাতা দেশ হিসেবে মানবিক সহায়তা দিয়ে আসছে। যুক্তরাষ্ট্রের দেওয়া অনুদান কীভাবে রোহিঙ্গাদের সহায়তা কার্যক্রমে ব্যবহৃত হচ্ছে, তা সরেজমিনে দেখতে প্রতিনিধি দলটি বাংলাদেশ সফর করছে। তিনি জানান, ক্যাম্প পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা রোহিঙ্গা ব্যবস্থাপনায় বাংলাদেশের সার্বিক উদ্যোগের প্রশংসা ও সন্তুষ্টি প্রকাশ করেছেন।

এদিকে প্রতিনিধি দলের সফরকালে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের তত্ত্বাবধানে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের দাবি জানান। এ সময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে নিজেদের দাবি তুলে ধরেন। রোহিঙ্গাদের ভাষ্য, নিরাপত্তা ও মর্যাদার নিশ্চয়তা পেলে তারা নিজ দেশ মিয়ানমারে ফিরে যেতে প্রস্তুত।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় প্রতিনিধি দলটি ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করে।

তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরের শেষ দিনে শনিবার তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে তার বাংলাদেশ সফর শেষ হওয়ার কথা রয়েছে।